ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

‘কয়েক গুণ’ বিদ্যুৎ বিল, হিসাব মিলছে না বহু গ্রাহকের

‘কয়েক গুণ’ বিদ্যুৎ বিল, হিসাব মিলছে না বহু গ্রাহকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত এক চাকরিজীবীর মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকার মধ্যে থাকে। মে মাসেও ১ হাজার ৬০০ টাকার মতো বিল আসে, কিন্তু জুনে সেটি এক লাফে গিয়ে ঠেকেছে প্রায় ৭ হাজার টাকায়।

একসঙ্গে এত টাকা বিল দিতে গিয়ে পরিবারের অন্যদের সহায়তা নিতে হচ্ছে জানিয়ে ওই গ্রাহকের ছেলে বলছিলেন, টাকা জোগাড় করে বিল দেওয়া গেলেও সমস্যার সমাধান হচ্ছে না। কারণ জুলাই মাসেও তার মিটারে ৫০০ ইউনিটের বেশি উঠে গেছে।

ঢাকার সেগুনবাগিচার বহুতল ভবনের একজন বাসিন্দার অভিযোগ, তার মিটার পরীক্ষা করে কোনো ত্রুটি পাওয়া যায়নি, অথচ ইউনিট দ্রুত বাড়ছে। বিল দেওয়ার শেষ সময় চলে আসায় তাকে টাকা পরিশোধ করতে হয়েছে। বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে, সমস্যা ধরা পড়লে পরে সমন্বয় করা হবে।

সুনামগঞ্জের ধর্মপাশার এক গ্রাহকের এপ্রিল ও মে মাসে বিদ্যুতের ব্যবহার ছিল গড়ে ৯০ ইউনিট করে। জুনে তা হয় ১০৫ ইউনিট; আর জুলাইয়ে উঠে গেছে ১৭০ ইউনিটে।

এভাবে বিভিন্ন এলাকা থেকে জুনের বিদ্যুৎ বিল কয়েক গুণ হওয়ার অভিযোগ আসছে। কেউ বলছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র না বসালেও ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমানের ভিত্তিতে বিল তৈরি করা হচ্ছে।

বাড়তি বিলে নাকাল হয়ে নারায়ণগঞ্জে গ্রাহক সমাবেশ হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে দল বেঁধে বিদ্যুৎ অফিসে গেছেন গ্রাহকরা। রাজশাহীতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি। ফেইসবুকেও আগের তুলনায় দুই থেকে তিনগুণ বিল পাওয়ার কথা লিখেছেন অনেকে।

তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের দাবি, ব্যাপকভাবে অতিরিক্ত বিল করার প্রমাণ পাওয়া যায়নি। বিচ্ছিন্নভাবে ‘দু-একটি’ ভুল থাকতে পারে।

তিনি বলেন, জুনের বিল নিয়ে অভিযোগ তদন্তে কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে।

তিনি বলেন, “প্রত্যেক ইউটিলিটি আলাদাভাবে বিষয়গুলো দেখছে। অধিকাংশ অভিযোগ পরীক্ষা করে দেখা গেছে, যেভাবে অনেক বেশি বা অতিরিক্ত বিল করার কথা বলা হচ্ছে, তেমন পাওয়া যায়নি।”দেড় হাজার টাকার পর সাত হাজার

গফরগাঁওয়ের ওই গ্রাহকের ছেলে ঢাকায় চাকরি করেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাদের বাড়িতে নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র বসানো হয়নি। বিল হাতে পাওয়ার পর মিটারের বর্তমান রিডিং ভিডিও করে স্থানীয় বিদ্যুৎ অফিসে দেখান তিনি। তার ভাষ্য, সেখান থেকে বলা হয়, বিলের সঙ্গে মিটারের রিডিংয়ের মিল রয়েছে। এরপর বাড়ির সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মিটার পরীক্ষা করেন ওই গ্রাহক। তিনি বলেন, সব লোড বন্ধ থাকার সময় ইউনিট বাড়েনি। পরে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে আট ইউনিট ব্যবহারের হিসাব পান।

তিনি বলছিলেন, “দৈনিক ১০ ইউনিট ধরলেও ৩০ দিনে ৩০০ ইউনিটের বেশি হওয়ার কথা নয়। কিন্তু আমার বিলে প্রায় ৬০০ ইউনিট দেখানো হয়েছে।”

চলতি মাসেও মিটারে ৫০০ ইউনিটের বেশি উঠেছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় অফিস থেকে তাকে আগের বিল পরিশোধ করে মিটার পরিবর্তনের আবেদন করতে বলা হয়েছে। “সবাই মিলে বিলটা দেওয়া যায়, কিন্তু এটা তো সমাধান নয়। আবার এমন বিল এলে কী হবে?”, বলেন তিনি।

ঢাকার সেগুনবাগিচার একটি বহুতল ভবনের এক বাসিন্দাও মিটারে দ্রুত ইউনিট বাড়ার অভিযোগ করেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস মিটার পরীক্ষা করলেও কোনো ত্রুটি পায়নি। কিন্তু মিটারে স্বাভাবিকের তুলনায় দ্রুত ইউনিট বাড়ছে।

ওই ভবনে একটি মূল মিটারের অধীনে একাধিক সাবমিটার রয়েছে। তার ভাষ্য, ভবনের মোট ব্যবহারের হিসাব ঠিক থাকলেও কোনো কোনো সাবমিটারে ইউনিট বেড়েছে, আবার কোনো কোনো মিটারে কমেছে।

সমস্যাটি ভবনের অভ্যন্তরীণ সংযোগে নাকি বিতরণ ব্যবস্থায়, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

বিল পরিশোধের শেষ সময় চলে আসায় তাকে টাকা দিয়ে দিতে হয়েছে। পরে সমস্যার সমাধান হলে টাকা সমন্বয় করার আশ্বাস দেওয়া হয়েছে।

নেসকোর এলাকায় স্মারকলিপি, কর্তৃপক্ষ বলছে অভিযোগ ব্যাপক নয়

অতিরিক্ত বিল প্রত্যাহার, ভুল বিল সংশোধন এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এতে বিল পুনঃযাচাইসহ সাত দফা দাবি জানানো হয়। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুৎ সরবরাহ করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-নেসকো।

কোম্পানিটির নির্বাহী পরিচালক (অপারেশন) মো. মখলেসুর রহমান বলেছেন, নেসকোর আওতায় ব্যাপকভাবে অস্বাভাবিক বিল আসার তথ্য তাদের কাছে নেই।

তিনি বলেন, “বিচ্ছিন্নভাবে দু-একটি থাকতে পারে। আমরা সেগুলো দেখছি। কিন্তু ব্যাপকভাবে বিল বাড়ানো হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই।”

নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় কিছু গ্রাহকের বিল বেড়েছে জানিয়ে তিনি বলেন, ব্যবহৃত ইউনিট কয়েক গুণ বাড়ানোর মতো বিস্তৃত অভিযোগের তথ্য তিনি পাননি।

মিটার রিডিংয়ে ভুল হতে পারে মন্তব্য করে মখলেসুর রহমান বলেন, নির্দিষ্ট গ্রাহকের নাম, মিটার নম্বর ও বিলের তথ্য পাওয়া গেলে তা পরীক্ষা করা সম্ভব।

জুন ও জুলাইয়ে মোট কতটি বিলসংক্রান্ত অভিযোগ এসেছে জানতে চাইলে তিনি বলেন, মাঠপর্যায়ের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে সেই তথ্য নিতে হবে।

সুনামগঞ্জের ধর্মপাশার একজন গ্রাহক জানান, এপ্রিল ও মে মাসে তার বিদ্যুতের ব্যবহার ছিল ৯০ ইউনিট করে। জুনে তা বেড়ে হয় ১০৫ ইউনিট, আর জুলাইয়ে দেখানো হয়েছে ১৭০ ইউনিট। তার অভিযোগ, স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডাররা নিয়মিত বাড়িতে গিয়ে রিডিং নেন না। অনেক ক্ষেত্রে অনুমানের ভিত্তিতে বিল তৈরি করা হয়।

বিদ্যুৎ সংযোগ বা বিলের সমস্যা নিয়ে অফিসে গেলে গ্রাহকরা যথাযথ সেবা পান না বলেও অভিযোগ করেন তিনি।

নারায়ণগঞ্জে জুনের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ২১ জুলাই নগরীর কিল্লারপুরে ডিপিডিসি কার্যালয়ের সামনে ‘গ্রাহক সমাবেশ’ হয়।

‘নাগরিক অধিকার ফোরামের’ ব্যানারে হওয়া এ সমাবেশে অভিযোগ করা হয়, মে মাসের কয়েক দিনের ব্যবহার জুনের সঙ্গে যোগ হওয়ায় মোট ইউনিট বেড়েছে এবং অনেকে উচ্চতর ট্যারিফ ধাপে চলে গেছেন।

ফোরামের আহ্বায়ক আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ওই সমাবেশে কয়েক হাজার গ্রাহক অংশ নেন। পরে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলীর কাছর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তার দাবি, বিদ্যুতের দাম যে হারে বাড়ানো হয়েছে, অনেক গ্রাহকের বিল তার চেয়ে অনেক বেশি বেড়েছে।

তিনি বলছেন, “গ্রাহকদের আগের ও বর্তমান বিলের কপি মিলিয়ে আমরা দেখেছি, কারও বিল ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এখন পর্যন্ত এক হাজারের বেশি অভিযোগ পেয়েছি। সেগুলো ডিপিডিসির কাছে পাঠানো হয়েছে।”

মাহবুবুর রহমান বলেন, সাধারণত তার বাসায় মাসে এক হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা বিল আসে। সর্বশেষ বিল এসেছে সাড়ে ৪ হাজার টাকার মতো।

তার ভাষ্য, অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে যাওয়া কিছু গ্রাহকের বিল কমানো হয়েছে। তবে কোন নিয়মে কত টাকা কমানো হচ্ছে, তা গ্রাহকদের জানানো হয়নি।

ডিপিডিসির নারায়ণগঞ্জ দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. কামাল হোসেন বলেছেন, জুন ও জুলাইয়ের বিল নিয়ে সমস্যা এড়াতে তার আওতাধীন এলাকায় বিল জারির আগেই অস্বাভাবিক মনে হওয়া বিলের তালিকা করা হয়েছিল। তিনি বলেন, “যেসব বিলে ব্যবহার বা টাকার পরিমাণ তুলনামূলক বেশি মনে হয়েছে, সেগুলো আমাদের কর্মকর্তারা যাচাই করেছেন। নিশ্চিত হওয়ার পর বিল জারি করা হয়েছে। আমার এলাকায় অভিযোগ খুব বেশি আসেনি।”

নিজের বাসার বিলও আগের তুলনায় দ্বিগুণের বেশি এসেছিল জানিয়ে কামাল হোসেন বলেন, মে মাসে তার বিল ছিল প্রায় ৩ হাজার ২০০ টাকা, জুনে তা বেড়ে প্রায় ৭ হাজার ২০০ টাকা হয়।

তিনি বলেন, “আমার পরিবারও প্রথমে বিল নিয়ে প্রশ্ন করেছিল। আমি নিজে মিটার পরীক্ষা করেছি। মিটার ঠিক ছিল। পরে দেখি, জুনে গরম বেশি ছিল এবং বাসায় বিদ্যুতের ব্যবহারও বেড়েছিল।”

অভিযোগের পর গ্রাহকদের বিল সমন্বয় করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো গ্রাহক বর্তমান মিটার রিডিংয়ের ছবি বা অন্য প্রমাণ নিয়ে এলে তা বিলের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

তার ভাষ্য, রিডিং বা বিল তৈরিতে ভুল পাওয়া গেলে সংশোধন করা হয়। তবে প্রকৃত ব্যবহারের কারণে বিল বাড়লে তা কমানোর সুযোগ নেই।

তিনি বলেন, “মিটারের রিডিং গ্রাহকের ব্যবহারের প্রমাণ। সেটি বিলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ভুল থাকলে সংশোধন করা হবে। আর ব্যবহার বেশি হওয়ার কারণে বিল বাড়লে সেটিও গ্রাহককে বুঝিয়ে বলা হয়।”

লক্ষ্মীপুরের রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পুনঃযাচাই ও সংশোধনের দাবিতে ২৬ জুলাই পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ে যান শতাধিক গ্রাহক।

তাদের অভিযোগ ছিল, আগের মাসের তুলনায় জুনের বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। কোনো কোনো গ্রাহকের ব্যবহৃত ইউনিটও আগের মাসের তুলনায় কয়েক গুণ বেশি দেখানো হয়েছে।

তবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কার্যালয়ে ২০ থেকে ২৫টি অভিযোগ জমা পড়েছে।

অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট গ্রাহকদের বাড়িতে কর্মী পাঠিয়ে মিটার ও রিডিং পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলছেন, “যারা অভিযোগ নিয়ে এসেছিলেন, তাদের সবার বাসায় লোক পাঠিয়েছি। মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলের রিডিং মিলিয়ে দেখা হয়েছে।”

তার দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই মিটারের রিডিংয়ের সঙ্গে বিলের মিল পাওয়া গেছে। একজন গ্রাহকের মিটারে সমস্যা থাকার অভিযোগ পাওয়ায় সেটি পরিবর্তন করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও জুনের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেইসবুকে মোহাম্মদপুরের বাসিন্দা এম এইচ কবির লিখেছেন, মে মাসে তার বিদ্যুৎ বিল ছিল ৩ হাজার ১১৯ টাকা। জুনে তা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৭৪ টাকা।

সাজিদ রায়হান নামে একজন লিখেছেন, তার বাসায় সাধারণত ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে বিল আসে। এবার এসেছে ১০ হাজার টাকা।

গাজী মিরাজের ভাষ্য, সাধারণত তার বিল ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে থাকে। জুনে তাকে ৭ হাজার ৭৭৯ টাকার বিল দেওয়া হয়েছে।

দেওয়ান রুমি নামে আরেক গ্রাহক লিখেছেন, তার সাধারণত সাড়ে ৬ হাজার টাকার মতো বিল আসে। জুনে এসেছে সাড়ে ১২ হাজার টাকা।

পরিচয় প্রকাশ না করে একটি বিতরণ সংস্থার মিটার রিডিং ও বিলিংয়ের সঙ্গে যুক্ত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ছুটির কারণে তার কর্ম এলাকার মে মাসের রিডিং স্বাভাবিক সময়ের কয়েক দিন আগে নেওয়া হয়েছিল। সাধারণত মাসের শেষ দিকে রিডিং নেওয়া হলেও সেবার ২৫ ও ২৬ মের মধ্যে রিডিং নেওয়া হয় বলে জানান তিনি।

তার ভাষ্য, পরের রিডিং স্বাভাবিক সময়ে নেওয়ায় জুনের বিলে প্রায় পাঁচ দিনের অতিরিক্ত ব্যবহার যোগ হয়েছে। একই সঙ্গে জুন থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় বিল আরও বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত