ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার কোলার

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার কোলার

প্রতিরক্ষা অংশীদারত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে বাংলাদেশের আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্তসাগরীয় নৌবহরের (প্যাসিফিক ফ্লিট) কমান্ড অ্যাডমিরাল স্টিভ কোলার।

তিন দিনের সফরে তার বাংলাদেশে আসার তথ্য গতকাল সোমবার এক বিবৃতিতে দিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড।

বিবৃতিতে তিনি বলেন, ‘স্টিভ কোলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত একটি অফিশিয়াল সফরে ঢাকায় আসবেন। সফরকালে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

আলোচনার বিষয়বস্তু তুলে ধরে মারা বার্ড বলেন, ‘বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।’

মার্কিন নৌবাহিনীর এভিয়েশন ইউনিটে ৩৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্টিভ কোলার ২০২৪ সালের ৪ এপ্রিল থেকে প্যাসিফিক ফ্লিটের নেতৃত্ব দিচ্ছেন।

কর্মজীবনে ফাইটার স্কোয়াড্রন ২১১ তে দায়িত্ব পালন করেছেন তিনি; ছিলেন ইউএসএস কার্ল ভিনসনের নির্বাহী কর্মকর্তা।

নৌবাহিনীর ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান, বিমানবাহী রণতরী ডোয়াইট ডি আইসেনহাওয়ার এবং কেরিয়ার স্ট্রাইক গ্রুপ নাইন-এর কমান্ডার ছিলেন তিনি।

স্টিভ কোলার অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক অভিযানে দায়িত্ব পালন করেন।

প্যাসিফিক নৌবহরের কমান্ডারের সফরকে সাধুবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সহযোগিতার অংশ।

এক প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই আমরা সাধুবাদ জানাই। উনারা আসুক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উনারা বৈঠক করবেন। অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের জন্য কাজ করব।’

ইন্দো-প্যাসিফিকে দুই দেশের যৌথ মহড়ার অংশ হিসেবে এই সফর কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি তো চলমান প্রক্রিয়া। বাংলাদেশ সবসময়ই ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ।

‘সুতরাং উনারা আসবেন, উনারা উনাদের কাজ করবেন। আমাদের সঙ্গে উনাদের চলমান সংলাপ অতীতেও হয়েছে, এখনও হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত