ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কুশিয়ারা ও তিস্তার পানি বিপৎসীমার উপরে

কুশিয়ারা ও তিস্তার পানি বিপৎসীমার উপরে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুশিয়ারা এবং উত্তরে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৯টায় গাইবান্ধার তারাপুরে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল।

কুশিয়ারার উজানে মিজোরামের আইজল স্টেশনের ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভারতের মণিপুর রাজ্যের আঙ্গামি নাগা পাহাড় থেকে উৎপন্ন বরাক নদী সিলেট সীমান্তে এসে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বিভক্ত হয়। এ দুই নদী কিশোরগঞ্জের ভৈরববাজারের কাছে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে, যা চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে।

বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে সুরমা নদীর পানি স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এসব নদী সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী লাগোয়া নিচু এলাকার কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

তবে আগামী একদিনে গাইবান্ধায় তিস্তা লাগোয়া নিচু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, গত একদিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুদিন কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার বিষয়ে বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গঙ্গা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে এবং পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

আগামী তিন দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী লাগোয়া নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীর পানি গত একদিন বেড়েছে। এসব নদীর পানি আগামী দুদিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত