ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সীমান্তে ফের বিএসএফের পুশইন রুখে দিল বিজিবি

সীমান্তে ফের বিএসএফের পুশইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির টহল দলের কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টায় আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪-এস এলাকার সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা নো-ম্যানস-ল্যান্ডে কাঁটাতারের বেড়ার কাছে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

বিজিবি সূত্র জানায়, আজ ভোরে ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের সীমানার দিকে আসতে দেখেন ধলা বিজিবি বিওপির টহল দলের সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবি তাঁদের বাধা দেয় এবং ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ঠেলে পাঠানোর শিকার ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, ভোরের দিকে বিএসএফ কাঁটাতারের গেট খুলে বেশ কয়েকজনকে এপারে পাঠিয়ে দেয়। তাঁরা পাটখেতের ভেতর দিয়ে আসছিলেন। এ সময় অনেকে জমির পাট কাটার কাজ করছিলেন। কাঁটাতারের গেট খুলতে দেখে তাঁরা বুঝতে পারে কিছু একটা হচ্ছে। তখন কয়েকজন মুঠোফোনে বিজিবি ক্যাম্পে জানান। পরে দ্রুত বিজিবি এসে তৎপরতা বাড়ায়। বিজিবির উপস্থিতি দেখে অনুপ্রবেশকারীরা পালিয়ে গিয়ে ভারতীয় কাঁটাতারের কাছে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধাগোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার বলেন, বেশ কয়েকজন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। তবে এলাকাবাসী ও বিজিবির কঠোর তৎপরতার কারণে তাঁরা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেননি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া পাহারা বজায় রয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত