
সরকারের দুর্নীতির কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গ্যাস বিদ্যুৎ, তেলের সংকট কমাতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, কোনো অজুহাত চলবে না। শুক্রবার বিকেলে যাত্রবাড়ী শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তাবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদলের উপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্যের দাম বেড়েছে, চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।
বিদ্যুতের সংকট দেশের সব রেকর্ড ভেঙেছে অভিযোগ করে তিনি বলেন, ব্যাংক লোপাটকারী, দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে এ সরকার। কৃষি কার্ড, হেলথ কার্ড পাচ্ছে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ জনগণ তা পাচ্ছে না।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এ সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে এনসিপি তাদের ক্ষমতায় থাকতে দেবে না। গ্যাস, বিদ্যুৎ তেলের সংকট যদি এ সরকার ঠিক করতে না পারে তাহলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপি।