ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চা শিল্পের উন্নয়নে কমিটি গঠন

চা শিল্পের উন্নয়নে কমিটি গঠন

দেশের চা শিল্পের সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ‘মনিটরিং ও পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীকে এই কমিটির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে তিনটি নির্দিষ্ট বিষয়ের ওপর ৩০ দিনের মধ্যে মতামত ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চা বাগানের মালিকসহ এ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে গত ২৬ জুলাই বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্পসংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। সরকারপ্রধানের সেই নির্দেশনার সপ্তাহ তিনেকের মাথায় কমিটি গঠনের কথা জানাল প্রধানমন্ত্রীর কার্যালয়।

কমিটির মূল কার্যপরিধি : ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ প্রদান: চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের লক্ষ্যে বাগান মালিকদের ‘ক্লাসিফাইড ঋণ’ পুনর্নির্ধারণ এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা। স্বল্প সুদে আবর্তক তহবিল: চা খাতের জন্য ৫ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়া। কৃষি পণ্য ঘোষণা ও সোলার প্যানেল স্থাপন: চা-কে ‘কৃষি পণ্য’ ঘোষণা করা এবং চা বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে বিস্তারিত মতামত ও সুপারিশ তুলে ধরা।

কমিটির অন্যান্য সদস্য হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্র্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবরাও অন্তর্ভুক্ত হবেন। এছাড়া প্রয়োজন মনে করলে কমিটি নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত