
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের চারজন ঢাকা বিভাগের; আরেকজন সিলেট বিভাগের। সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৪৪ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪২ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় ৯৮৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৯০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩০৮ জন, রাজশাহীতে ১২, সিলেটে ৭১, চট্টগ্রামে ২৪১, বরিশালে ১১৯, ময়মনসিংহে ৪৫, খুলনায় ৭৭ ও রংপুর বিভাগে ১৭ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। সরকারের হিসাবে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। আর হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮।