ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ক্যান্সার শনাক্তকরণে এআই

ক্যান্সার শনাক্তকরণে এআই

স্তন ক্যানসারের টিউমারের ভেতরে থাকা অতি সূক্ষ্ম পরিবর্তন ও অস্বাভাবিকতার ধরন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সম্প্রতি সাফল্য পেয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকেরা। নতুন এই গবেষণায় টিউমারের কোষের ভেতরের সেন্ট্রোসোম নামের অতি ক্ষুদ্র কাঠামোর অস্বাভাবিকতার এমন কিছু প্যাটার্ন শনাক্ত হয়েছে, যা ক্যানসারের আক্রমণাত্মক আচরণ ও রোগীর চিকিৎসাগত ফলাফলের সঙ্গে সম্পর্কিত। গবেষণাটি গত ১৮ আগস্ট নেচার কমিউনিকেশন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণাটির ভীত গড়ে উঠেছে কোষের অতি ক্ষুদ্র কাঠামো সেন্ট্রোসোমের উপর। কোষ বিভাজনের সময় জিনগত উপাদান সঠিকভাবে বণ্টন এবং কোষের অভ্যন্তরীণ কাঠামো সংগঠনে সেন্ট্রোসোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রোসোমে অস্বাভাবিকতা দেখা দিলে কোষ বিভাজনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়ে জেনেটিক ত্রুটি তৈরি হতে পারে, যা ক্যানসারের বিকাশের সঙ্গে সম্পর্কিত। এক শতাব্দীরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে সেন্ট্রোসোমের অস্বাভাবিকতার সম্পর্ক বিজ্ঞানীদের জানা থাকলেও, টিউমারের বিপুলসংখ্যক কোষে এই ক্ষুদ্র কাঠামোগুলোর পরিবর্তন একসঙ্গে বিশ্লেষণ করা এতদিন ছিল অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।

এ সীমাবদ্ধতা কাটাতে গবেষকেরা তৈরি করেছেন ‘সেনসেগনেট’ (সেন্ট্রোসোম সেগমেন্টেশন নেটওয়ার্ক) নামের একটি ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম। এটি টিউমার নমুনার বিপুলসংখ্যক কোষ বিশ্লেষণ করে সেন্ট্রোসোমের সংখ্যা, আকার ও অবস্থানের অস্বাভাবিকতা শনাক্ত করতে সক্ষম। ড. সালাহ এলিয়াস-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটনে চিকিৎসা নেওয়া ১২৭ জন স্তন ক্যানসার রোগীর নমুনা বিশ্লেষণ করা হয়। সব মিলিয়ে ৯১১টি টিউমার নমুনায় ৩ লাখ ৩০ হাজারের বেশি সেন্ট্রোসোম পরীক্ষা করা হয়েছে।

এআই বিশ্লেষণে সেন্ট্রোসোমের দুটি পৃথক ধরনের অস্বাভাবিকতা শনাক্ত হয়েছে। এক ক্ষেত্রে ক্যানসার কোষে স্বাভাবিকের তুলনায় সেন্ট্রোসোমের সংখ্যা বেড়ে যায়, অন্য ক্ষেত্রে সেন্ট্রোসোমগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। এতদিন এই দুই পরিবর্তনকে একই ধরনের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হলেও গবেষণায় দেখা গেছে, এগুলো স্বাধীনভাবে ঘটতে পারে এবং একই টিউমারের ভিন্ন ভিন্ন অঞ্চলেও আলাদাভাবে অবস্থান করতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, বড় আকারের সেন্ট্রোসোম বেশি থাকা টিউমারগুলো তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর মধ্যে উচ্চতর টিউমার গ্রেড, লিম্ফ নোডে ক্যানসারের উপস্থিতি এবং নির্দিষ্ট জেনেটিক পরিবর্তন রয়েছে। অন্যদিকে, টিউমারের কেন্দ্রীয় অংশে বড় আকারের সেন্ট্রোসোমের সংখ্যা কম থাকা রোগীদের সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদি বেঁচে থাকার সম্ভাবনা বেশি বলে গবেষণায় দেখা গেছে।

ড. সালাহ এলিয়াস বলেন, সেন্ট্রোসোমের অস্বাভাবিকতাকে একক বৈশিষ্ট্য হিসেবে দেখার পরিবর্তে গবেষণাটি এগুলোর ভিন্ন জৈবিক অবস্থা, অবস্থান ও চিকিৎসাগত সম্পর্ক আলাদা করে বোঝার সুযোগ দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নতুন বায়োমার্কার শনাক্ত করা এবং রোগীর জন্য আরও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নির্ধারণের সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত