ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় এবার ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯তম বার পেছালো। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ উদ্ধার করা হয়। সাগর মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ শুরু করে। চার দিন পর তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। দুই মাসের বেশি সময়েও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ সময় র‌্যাব তদন্ত করেও দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেন। একই সঙ্গে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও ছিল।

এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করা হয়। বর্তমানে এই টাস্কফোর্সের অধীনেই মামলাটির তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত