
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)| গতকাল রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন|
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে|
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে| সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন|
নোটিশে আরও বলা হয়েছে, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে|
নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে নোটিশে|