
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন| গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে| নিহত সোহাগ মিয়া (২০) ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে|
নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে যান| এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন| গুলির পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন| একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা| তিনিসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষা করে সোহাগকে মৃত ঘোষণা করেন| চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে|
এদিকে ঘটনার বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ কল ধরেননি| পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি|
ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে| নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে|