
উৎসবের বাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান সামনে যখন একের পর এক পছন্দের খাবার থাকে, তখন নিজেকে সামলানো কঠিন। ফলে প্রয়োজনের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলা হয়। খাওয়ার সময় তেমন কিছু মনে না হলেও কিছুক্ষণ পর শুরু হয় অস্বস্তি। পেট ভার লাগা, ঢেকুর, গ্যাস কিংবা বদহজমে তখন আর স্বস্তি থাকে না।
খাওয়ার পর একেবারে শুয়ে পড়বেন না : ভরপেট খাওয়ার পর বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করতেই পারে। কিন্তু এ অভ্যাস অস্বস্তি আরও বাড়াতে পারে। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকুন। এরপর ধীরে ধীরে কয়েক মিনিট হাঁটুন।
বেশি পানি খেলেই হজম হবে এ ধারণা ঠিক নয় : অনেকেই মনে করেন, বেশি খাওয়ার পর অনেকটা পানি পান করলে খাবার দ্রুত হজম হয়ে যাবে। তাই খাওয়ার পর পরই একাধিক গ্লাস পানি খাওয়া শুরু করেন। তবে এমন করার প্রয়োজন নেই। তেষ্টা পেলে অবশ্যই পানি পান করুন, কিন্তু অতিরিক্ত পানি পান করাকে হজমের সমাধান হিসেবে দেখার কোনও কারণ নেই।
অস্বস্তি কমাতে উষ্ণ পানীয় নিতে পারেন : পেট ভার বা গ্যাসের মতো অস্বস্তি হলে হালকা কিছু উষ্ণ পানীয় আরাম দিতে পারে। আদা দিয়ে গরম পানি, জিরে-মৌরি ভেজানো বা ফোটানো পানি কিংবা পুদিনা দিয়ে তৈরি পানীয় অল্প অল্প করে পান করা যেতে পারে।
পরের খাবার একেবারে বাদ : এক বেলা বেশি খেয়ে ফেললে পরের বেলা না খেয়ে থাকার সিদ্ধান্ত নেন অনেকে। কিন্তু শুধু আগের বেলায় বেশি খাওয়া হয়েছে বলে পরের খাবার সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই।
পরের বেলায় খিদে না থাকলে জোর করে খাওয়ার দরকার নেই। আবার খিদে ফিরে এলে অল্প পরিমাণে হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।
ভরপেটে ব্যায়াম করতে যাবেন না : বেশি খাওয়ার পর অস্বস্তি কাটাতে অনেকেই শরীরচর্চা শুরু করে দেন। কিন্তু ভরপেটে ভারী ব্যায়াম করা ঠিক নয়। বিশেষ করে এমন কোনও ব্যায়াম যাতে পেটের উপর চাপ পড়ে, তা এড়িয়ে চলাই ভালো।