ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারীর দল

বললেন রিজভী
বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারীর দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারীর দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও প্রত্যয় নিয়ে দলটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই নীতি ও দর্শনের পতাকা ধারণ করে বিএনপি এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের হাতে বিএনপি গঠন করেছিলেন। কয়েকটি প্রত্যয় নিয়ে এ দল প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই প্রত্যয়কে ঊর্ধ্বে তুলে ধরে দেশের উন্নয়ন ও উৎপাদনের বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করে জাতিকে আত্মনির্ভরশীল ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, বৈদেশিক নীতি, অভ্যন্তরীণ নীতি ও আইনশৃঙ্খলা- সব দিক থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটি গৌরবজনক মর্যাদা দিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে বারবার গণতন্ত্র হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র রূপ দেখা গেছে। মানুষের বাকস্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, রাজনৈতিক দল করার স্বাধীনতা এবং চলাচলের স্বাধীনতা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এসব ভয়ঙ্কর পরিস্থিতিকে দূরে সরিয়ে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও অনুশীলন অব্যাহত রাখার সুযোগ তিনি সৃষ্টি করেছিলেন। এরপর থেকে অসংখ্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনৈতিক চর্চা শুরু করে এবং ভিন্নমত প্রকাশের সুযোগ তৈরি হয়। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, ১৯৭৫ সালে বাকশাল হওয়ার পর সংবাদপত্র বন্ধ হয়ে গিয়েছিল। আজ দেশে যে এতগুলো গণমাধ্যম রয়েছে এবং সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত