ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে

বললেন খাদ্যমন্ত্রী
জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, বই শুধু জ্ঞান দেয় না, চিন্তার শক্তি তৈরি করে, ইতিহাস ধারণ করতে শেখায় এবং ভবিষ্যতের পথ দেখায়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এর ৫ম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বইমেলা জ্ঞানচর্চা ও নতুন প্রজন্মকে বইয়ের সাথে যুক্ত করার অন্যতম মাধ্যম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আয়োজিত এ মেলার মাধ্যমে বই পড়ার প্রয়াস বিস্তৃত হয়েছে।

বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, জাতীয়তাবাদী চিন্তার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তার রাজনীতি ও রাষ্ট্রচিন্তা জানতে তার লেখা 'একটি জাতির জন্ম' ও 'আমার রাজনীতির রূপরেখা' বই দুটি পড়া প্রয়োজন।

একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তার জীবন ও সংগ্রাম নিয়ে লেখা বই দেশের রাজনৈতিক ইতিহাস জানতে সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে আফরোজা খানম বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি প্রশ্ন করার মানসিকতা তৈরি ও বিশ্বকে জানার জন্য বই পড়া জরুরি।

নিজের বাবার লেখা বইয়ের কথা তুলে ধরে আবেগাপ্লুত খাদ্যমন্ত্রী জানান, বইটি পড়ার সময় তিনি বাবার উপস্থিতি অনুভব করেন। বইটির অংশ পাঠ করে তিনি জানান, দেশের ক্রান্তিকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ জীবনযাপন করে দেশ গঠনে কাজ করেছিলেন। তিনি আরও বলেন, দেশের বিপর্যয়ের সময়ে একটি পরিবারের তিনজন ব্যক্তি ভিন্ন সময়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

খাদ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানান এবং জিয়া স্মৃতি পাঠাগারের জন্য ১০০টি বই উপহার দেয়ার কথা জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ড. মাহাদী আমীন দেশের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং মননশীলতা বিকাশে বই পড়ার আহ্বান জানান।

সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য মাহামুদা হাবিবা, অধ্যাপক ড. হারুন আল রশিদ এবং সাঈদ মাহমুদ জুয়েল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত