
পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন একটি বাসগৃহ উপহার দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ও অর্থায়নে 'আমরা বিএনপি পরিবার'-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। গতকাল রোববার দুপুরের দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকার কালিদাস পাহালিয়া নদীর তীরে নবনির্মিত এই ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাসগৃহ উদ্বোধনের আগে স্থানীয় ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসা মাঠে এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ হারুনুর রশিদের স্বজনদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বাঁচার কোনো মৌলিক অধিকার ছিল না। বিএনপি সবসময় মানুষের ও মানবতার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান প্রতিটি ক্ষতিগ্রস্ত ও নিপীড়িত পরিবারের পাশে রয়েছেন এবং তাঁদের সুরক্ষা দেওয়া দলের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিনের কষ্ট ও মানবিক দুর্ভোগের পর নতুন ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শহীদ হারুনুর রশিদের পরিবারের সদস্যরা। স্থায়ী একটি আশ্রয় নিশ্চিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।