
জ্বালানি সংকটে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা অনুসন্ধান এবং পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহমুদ হাসান খান বলেন, হঠাৎ কোনো অভিঘাতে একটি কারখানা বন্ধ হয়ে যায় না। একটি কারখানা বন্ধ হতে প্রায় ছয় মাস সময় লাগে। কারণ, কারখানায় ক্রয়াদেশ থাকে এবং শ্রমিকদের বেতনসহ বিভিন্ন দায়বদ্ধতা থাকে। ফলে দুই মাসের জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে— এমনটি বলা যাবে না। এর প্রভাব বোঝার জন্য আরও সময় প্রয়োজন। তিনি বলেন, এক বছর আগের কোনো অভিঘাতের কারণে কোনো কারখানা বন্ধ হয়ে থাকলে সেটিকে বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ হয়েছে বলা যাবে না। শিল্প খাতে কারখানা বন্ধ হওয়া এবং নতুন কারখানা চালু হওয়া একটি নিয়মিত প্রক্রিয়া।
বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি সংকটের কারণে এখনই দেশের কোনো তৈরি পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে গিয়ে কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়তে পারে। জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ করার প্রয়োজন। এ ছাড়া তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গ্যাসের ব্যবহার কমিয়ে তা শিল্প-কারখানায় সরবরাহের প্রস্তাব দেন তিনি।
মাহমুদ হাসান খান জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশের সামগ্রিক রপ্তানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। তবে আগস্টে আগের বছরের রপ্তানি তুলনামূলক কম থাকায় এবার প্রবৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জায়গা বরাদ্দের দাবি জানানো হয়। এ সময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হবে।