ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে

বললেন সড়ক পরিবহন মন্ত্রী
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন হবে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। যেসব অংশে কাজের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, গত ছয় মাসে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে প্রকল্পের নির্মাণকাজ আরো দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।

প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের মোট ১৩টি প্যাকেজের মধ্যে আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। তবে, পাঁচটি প্যাকেজের কাজের অগ্রগতি এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। যেসব ক্ষেত্রে কাজের অগ্রগতিতে বিচ্যুতি রয়েছে, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে প্রকল্পের কাজ আরও গতিশীল করা হচ্ছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হলে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো একটি অংশে কাজের গতি কম থাকলে পুরো প্রকল্পের অগ্রগতিতে তার প্রভাব পড়ে। তাই যেসব প্যাকেজে কাজের গতি কম, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত