
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনা বিভাগে দুইজন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪২ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ১৬৮, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৭৬, খুলনায় ১২৩ এবং রংপুরে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩৮ জন।
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৫ জন মারা গেছেন। এরমধ্যে সেপ্টেম্বরে ২১ দিনেই মারা গেছেন ৯৮ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
গত ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৫ হাজার ৪৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন।
ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি ঢাকা বিভাগ, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।