
স্থানীয় সরকারের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য মোট ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের আওতাধীন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন দফতর, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টার মিলিয়ে মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বরাদ্দ থেকে টাকা ছাড় করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। সরকারের এ পরিকল্পনার আওতায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত বা ব্যবহারযোগ্য ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও অবদান রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।