ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আলোর পথে আলোর প্রত্যয়ে

হাসান আল বান্না
আলোর পথে আলোর প্রত্যয়ে

'আলোকিত বাংলাদেশ'-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে ফিরে তাকালে মনে পড়ে দীর্ঘ এই পথচলার নানা অধ্যায়। এসেছে চ্যালেঞ্জ, অর্জিত হয়েছে অভিজ্ঞতা ও সাফল্য। তবে সবকিছুকে ছাপিয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন পাঠকের ভালোবাসা, আস্থা ও নিরন্তর পাশে থাকা। একটি সংবাদপত্রের পথচলা কখনোই শুধু ছাপার অক্ষরে সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে যুক্ত থাকে সময়, সমাজ, মানুষ এবং তাদের প্রত্যাশার গল্প। সেই গল্পের অংশ হয়েই 'আলোকিত বাংলাদেশ' এগিয়ে চলেছে তার নিজস্ব প্রত্যয় নিয়ে।

প্রতিষ্ঠার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ ঘটনা ও জনজীবনের নানা বাস্তবতা পাঠকের সামনে তুলে ধরার পাশাপাশি মানুষের আশা-আকাঙ্ক্ষা, সাফল্য, সম্ভাবনা ও সংকটকে সংবাদ ও প্রতিবেদনে স্থান দেওয়ার চেষ্টা করেছে জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকাটি। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন থেকে শুরু করে সমাজের নানা প্রান্তের মানুষের জীবন বৈচিত্র পত্রিকার দৈনন্দিন আয়োজনকে করেছে সমৃদ্ধ।

একটি সংবাদপত্রের সবচেয়ে বড় সম্পদ তার পাঠক। পাঠকের আস্থা অর্জন করা যেমন কঠিন, সেই আস্থা ধরে রাখা তার চেয়েও বড় দায়িত্ব। তাই সময়ের সঙ্গে মানুষের জানার ধরন ও প্রত্যাশার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনে বৈচিত্র্য আনা, গুরুত্বপূর্ণ বিষয়কে নতুনভাবে উপস্থাপন করা এবং জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে 'আলোকিত বাংলাদেশ'। এ দীর্ঘ পথচলায় পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।

নিজস্ব আয়োজন, নিজস্ব পরিচয় : 'আলোকিত বাংলাদেশ'-এর পথচলায় কিছু আয়োজন ধীরে ধীরে পাঠকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে। এর মধ্যে অন্যতম ইসলামিক পাতা। ধর্মীয় জ্ঞান, ইসলামি জীবনবোধ, নৈতিকতা, সমসাময়িক বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি এবং আলেম-ওলামাদের মতামতকে পাঠকের সামনে তুলে ধরার মাধ্যমে পাতাটি নিজস্ব একটি পাঠকগোষ্ঠী তৈরি করেছে। ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও নৈতিক জীবনচর্চার বিষয়গুলোকে সহজ ও গ্রহণযোগ্যভাবে তুলে ধরার এ প্রয়াস ভবিষ্যতেও আরও সমৃদ্ধ করার প্রত্যাশা রয়েছে।

একইভাবে 'সু-সংবাদ প্রতিদিন' 'আলোকিত বাংলাদেশ'-এর একটি স্বতন্ত্র আয়োজন। প্রতিদিনের নানা নেতিবাচক খবরের পাশাপাশি সমাজের ইতিবাচক ঘটনাগুলো, মানুষের সাফল্য, মানবিক উদ্যোগ, সহমর্মিতা ও অনুপ্রেরণার গল্প পাঠকের সামনে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। ভালো কাজের খবরও যে মানুষের মনে আশাবাদ তৈরি করতে পারে, 'সু-সংবাদ প্রতিদিন' তারই একটি প্রয়াস। দীর্ঘ সময়ে এই আয়োজন পাঠকের কাছে যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তা আমাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার।

সংবাদে দায়িত্ব, মানুষের প্রতি দায়বদ্ধতা : বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার। ফলে একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের কাজ শুধু দ্রুত সংবাদ প্রকাশ করা নয়; তথ্য যাচাই করা, প্রাসঙ্গিকতা বোঝা এবং পাঠকের সামনে বিষয়টিকে যথাসম্ভব পরিষ্কারভাবে উপস্থাপন করাও সমান গুরুত্বপূর্ণ। 'আলোকিত বাংলাদেশ' এ দায়িত্বকে গুরুত্ব দিয়েই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা, নির্ভরযোগ্যতা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে আসছে।

সমাজের অসংগতি, মানুষের দুর্ভোগ কিংবা জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন সংবাদে উঠে এসেছে, তেমনি দেশের ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের অর্জনের কথাও গুরুত্ব পেয়েছে। কারণ আমরা মনে করি, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু প্রশ্ন তোলা নয়; মানুষের সামনে বাস্তবতাকে তুলে ধরা এবং সমাজের ইতিবাচক উদ্যোগগুলোকেও দৃশ্যমান করা।

আগামীর পথে নতুন প্রত্যয় : সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের কাজের ধরনও বদলাচ্ছে। মুদ্রিত সংবাদপত্রের পাশাপাশি অনলাইন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন পাঠকের সংবাদ গ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ বাস্তবতাকে সামনে রেখে 'আলোকিত বাংলাদেশ'-এর অনলাইন উপস্থিতিকে আরও কার্যকর, দ্রুত ও পাঠকবান্ধব করার প্রয়োজনীয়তা আমরা গভীরভাবে উপলব্ধি করি। একই সঙ্গে মুদ্রিত সংস্করণের ঐতিহ্য ও পাঠকের আস্থাকে ধরে রাখাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আগামী দিনের লক্ষ্য শুধু পরিসর বাড়ানো নয়; সংবাদের মান, উপস্থাপনার বৈচিত্র?্য এবং পাঠকের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করা। নতুন প্রজন্মের পাঠকদের চাহিদা বোঝা, দেশের প্রত্যন্ত অঞ্চল ও সাধারণ মানুষের কথা আরও বেশি তুলে ধরা এবং বিশেষায়িত আয়োজনগুলোকে আরও সমৃদ্ধ করার মধ্য দিয়ে 'আলোকিত বাংলাদেশ' তার পরবর্তী অধ্যায় নির্মাণ করতে চায়।

এ পথচলায় শুধু পাঠক নন— সংবাদকর্মী, লেখক, কলামিস্ট, আলোকচিত্রী, হকার, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং পত্রিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকেই আমাদের যাত্রার অংশীদার। তাদের সম্মিলিত সহযোগিতা ও আস্থাই একটি সংবাদপত্রকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 'আলোকিত বাংলাদেশ'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

দীর্ঘ এ পথচলার এ বিশেষ মুহূর্তে তাই আমাদের সামনে সবচেয়ে বড় অঙ্গীকার-পাঠকের আস্থার মর্যাদা রক্ষা করা। সময়ের পরিবর্তনকে গ্রহণ করে, মানুষের কথা আরও গভীরভাবে তুলে ধরে এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করা। ১৬ বছরের অভিজ্ঞতা আমাদের শক্তি, পাঠকের আস্থা আমাদের প্রেরণা, আর আগামী দিনের প্রত্যাশা আমাদের পথচলার দিশা। আলোর এ যাত্রা অব্যাহত থাকুক। মানুষের কথা বলার এ প্রয়াস আরও বিস্তৃত হোক। 'আলোকিত বাংলাদেশ' এগিয়ে যাক নতুন প্রত্যয়ে, নতুন সম্ভাবনায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত