ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আলটিমেটাম দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা

আলটিমেটাম দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত শতশত অটোচালক। এ সময় তাদের দাবিগুলো মেনে নেওয়ার পাশাপাশি চার্জিং পয়েন্টে দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে তারা সড়ক ত্যাগ করেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহবাগ থানার ওসির মনিরুজ্জামান বলেন, তারা সেখানে ঘণ্টাখানেক ছিল। বিক্ষোভ করেছে। পরে স্বাভাবিকভাবে উঠে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অটোচালকরা সকাল সাড়ে দশটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। পরে সেখানে তারা মানববন্ধন করে এবং তাদের ১০ দফা দাবি তুলে ধরে। শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেয়। এ সময় পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। যান চলাচল প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন মেট্রোরেল স্টেশনের বিভিন্ন প্রান্তে থাকা যাত্রীরা। স্টেশনে ওঠার সিঁড়ি বন্ধ হয়ে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে ঢাকা মহানগর অটোরিকশা ও ইজিবাইক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বক্তব্য রাখেন। তারা সরকারের কাছে দ্রুত চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুতের সংযোগ, গ্রেপ্তারকৃত অটোচালক নেতা মুক্তিসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।

সমাবেশে অটোচালকরা অভিযোগ করেন, তারা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সরকার হঠাৎ করে চার্জিং পয়েন্টগুলোতে অভিযান চালানো শুরু করেছে। চার্জিং পয়েন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে। ফলে তাদের সংকট তৈরি হয়েছে। তারা বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ১০ দফা দাবি জানান। তাদের দাবিগুলো মেনে নেওয়ার পাশাপাশি দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা।

শেষে একটি মিছিল করে দৈনিক বাংলার দিকে যায়। পরে দৈনিক বাংলায় গিয়ে তাদের বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সমাবেশে ঢাকার খিলগাঁও, মিরপুর, বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, রামপুরাসহ বিভিন্ন থানা এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার প্রায় কয়েক শত চালক অংশ নেন। এদিকে গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা অটো না চালিয়ে ধর্মঘট পালন করেন বলেও জানা গেছে। এতে বাড্ডা, মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মহাখালী, গুলশান, রমনা ও রামপুরা এলাকায় লোকজন সকাল থেকে ভোগান্তিতে পড়েন। তারা দুপুর পর্যন্ত একযোগে এসব এলাকায় ধর্মঘট পালন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন এবং বিক্ষোভে অংশ নেন।

অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ধর্মঘট ও বিক্ষোভ করায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই সুযোগকে কাজে লাগায় পায়ে চালিত রিকশা চালকরা। ফলে মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, ফার্মগেট, শাহবাগ, মহাখালী, গুলশান, বাড্ডা ও খিলগাঁও এলাকায় পায়ে চালিত রিকশা চালকরা চড়া দামে যাত্রী বহন করেছেন। ব্যাটারীচালিত অটোরিকশা না থাকায় লোকজন উপায় না পেয়ে বেশি দামেই গন্তব্যে রওনা হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত