
রাজধানীর যমুনা ফিউচার পার্কে 'আলফা স্টোর' চালু করেছে অনার। দেশের প্রথম এ স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে। যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এ স্টোর সাজানো হয়েছে এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব হিসেবে। এখানে গ্রাহকেরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অনারের ডিভাইসগুলো কীভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।
স্টোরটিতে এআই চালিত ডিভাইস ইকোসিস্টেমের ধারণার বাস্তব চিত্র গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথমবারের মতো এ ধারণা নিয়ে আলফা স্টোর চালু করে অনার। বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে অনারের তৃতীয় আলফা স্টোর।
উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এ নতুন অভিজ্ঞতা তাদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।
বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি এ স্টোরে রয়েছে অনারের নতুন রোবট ফোন ও ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এবং টিভি। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ।