ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

সৌন্দর্যের পাশাপাশি অর্থের জোগান দেয় লাল শাপলার বিল

সৌন্দর্যের পাশাপাশি অর্থের জোগান দেয় লাল শাপলার বিল

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরাইট গ্রাম ও টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামজুড়ে বিস্তৃত এই বিলটি স্থানীয়ভাবে 'নরাইট বিল', 'শাপলা বিল' কিংবা হিরো বিল নামে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে, নয়টি 'গোপ' বা কোণের বিশেষ ভৌগোলিক বিন্যাসে গড়ে উঠেছে পুরো বিলের বিস্তৃত অববাহিকা। প্রতি বছর জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বিলজুড়ে বজায় থাকে শাপলার এই মনোহরী মেলবন্ধন। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ভাগ্যবদল করেছে প্রায় শতাধিক পরিবারের লাল শাপলার নরাইট বিল।

উপরে শরতের নীল আকাশ, ভোরের হালকা কুয়াশা তুলোর মতো শুভ্র মেঘ আর গাঢ় সবুজের বুকে লাল শাপলার উদ্ভাস— প্রকৃতির নিজ হাতে আঁকা যেন এক জীবন্ত চিত্রকর্ম। শান্ত জলের বুকে গাঢ় সবুজ পাতার চাদর চিরে ফুটে থাকা অগণিত লাল শাপলা— প্রথম দর্শনেই মনে হবে প্রকৃতি যেন জলতলে বিছিয়ে রেখেছে এক লাল গালিচা। নরাইট বিলজুড়ে এখন শুধুই রক্তিম লালের একচ্ছত্র রাজত্ব। আর সেই জলজ ক্যানভাসের ওপর বক, পানকৌড়ি, মাছরাঙা আর শালিকের মুক্ত বিচরণ পুরো বিলে ছড়িয়ে দেয় এক জীবন্ত রূপকথা। দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের আনাগোনায় যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ঘুরছে চাকা। তবে এই চোখ জুড়ানো সৌন্দর্যে যেন মায়াবি রূপধারণ করেছে। শরতের এই মৌসুমে প্রাত্যহিক কোলাহল ছেড়ে এক চিলতে শান্তির খোঁজে ভোরেই বিলে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা। সূর্য ওঠার পর শাপলা ফুল আস্তে আস্তে মুখ গুটিয়ে নিতে শুরু করায় ভোরের আলো ফোটার পরপরই বিলে জমে ওঠে প্রকৃতিপ্রেমীদের জমজমাট মিলনমেলা।

এলাকার বাসিন্দা লিটন জানায়, এই শাপলা বিল শুধু রূপসী বাংলার সৌন্দর্যের ক্যানভাসই নয়, স্থানীয় বহু পরিবারের জীবন-জীবিকারও মূল উৎস। প্রতিদিন সকালে বিল থেকে তাজা মাছ শিকার ও শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালান গ্রামের শতাধিক পরিবার। পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি শাপলায় আলুর চেয়ে সাতগুণ বেশি ক্যালসিয়াম রয়েছে, যা চর্ম ও রক্ত আমাশয় নিরাময়ে অত্যন্ত কার্যকর। পাশাপাশি পর্যটকদের কাছে ডিঙ্গি নৌকাভাড়া দিয়ে বিকল্প উপার্জনের মুখ দেখছেন স্থানীয় মাঝিরা। ঢাকা থেকে বেড়াতে আসা আসাদুজ্জামান জানায়, ঢাকার কাছে কম খরচে একদিনের ভ্রমণের সুবিধাজনক স্থান হিসেবে নরাইট বিলকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। ঢাকা থেকে আসা অনেক সহজ হওয়ায় এখানে অনেকেই বেড়াতে আসছেন। গাজীপুর থেকে আসা ফয়সাল জানায়, এই বিলটি অনেক সুন্দর তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে এসেছি। পাশাপাশি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নৌ-সুরক্ষা। ২০২৫ সালের আগস্টে পাঁচুয়া এলাকার বিলে ডিঙ্গি নৌকায় পানি জমে একটি গহিন খাদে উল্টে গিয়ে দুই যুবকের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। অসচেতনভাবে নৌকা ভ্রমণ পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহার করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত