
জিমেইলে পুরোনো ই-মেইল, গুগল ফটোসে সংরক্ষিত ছবি কিংবা আগের কোনও ভ্রমণের তথ্য খুঁজতে অনেক সময় ব্যবহারকারীকে একাধিক অ্যাপ ঘাঁটতে হয়। এ কাজ সহজ করতে ব্যক্তিগত তথ্যের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করার একটি সুবিধা রেখেছে গুগল। 'পারসোনাল ইন্টেলিজেন্স' নামে এ সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি নিয়ে জেমিনাই জিমেইল, গুগল ফটোস, গুগল সার্চ ও ইউটিউবের তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী উত্তর দিতে পারে। ফলে প্রতিটি প্রশ্নের সঙ্গে আলাদাভাবে প্রাসঙ্গিক তথ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা কমে আসে। ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে উত্তর দেবে জেমিনাই : পারসোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে ডিভাইসে থাকা গুগলের বিভিন্ন অ্যাপের তথ্যের মধ্যে সংযোগ তৈরি করে জেমিনাই। যেমন- জিমেইলে সংরক্ষিত ভ্রমণের বুকিং নিশ্চিতকরণ বার্তা এবং গুগল ফটোসে থাকা আগের ভ্রমণের ছবি কাজে লাগিয়ে ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করতে পারে এআই সহকারীটি। এ ছাড়া গুগল ফটোসে নির্দিষ্ট ছবি খুঁজে দেওয়া, পুরোনো ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য বের করা কিংবা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বই ও ভ্রমণের গন্তব্যের পরামর্শ দেওয়ার মতো কাজও করতে পারে এটি।