ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় যুব দিবসে ৫৫ প্রতিষ্ঠানের চাকরি মেলা

১৪ জন পাচ্ছেন যুব পুরস্কার
জাতীয় যুব দিবসে ৫৫ প্রতিষ্ঠানের চাকরি মেলা

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষ্যে দেশব্যাপী সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষ্যে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন সফল আত্মকর্মী ও চারজন সেরা যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।

এবারের যুব দিবসের প্রতিপাদ্য 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ'।প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে। এতে যুব উদ্যোক্তা, যুব সংগঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।

চাকরি মেলা প্রসঙ্গে তিনি বলেন, এবারের যুব দিবসের অন্যতম আকর্ষণ ছিল চাকরি মেলা। এতে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা ছিল। মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মপ্রত্যাশী যুবকের চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সারা দেশে ১২ হাজার পরিবেশবান্ধব ও টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। পাশাপাশি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৮০ লাখের বেশি যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮০ জন। ২০২৬ অর্থবছরে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭০ হাজার ৭৭২ জন।

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এরইমধ্যে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৭২২ জন সরাসরি কাজে যুক্ত হয়েছেন। এছাড়া ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ৬২ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছেন বলে জানান তিনি।

যুবঋণ কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবদের বিনা জামানতে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১১ লাখ ১৪ হাজার ৬৪৪ জনের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ আদায়ের গড় হার ৯৬ শতাংশ। আত্মকর্মসংস্থানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ যুবক স্বাবলম্বী হয়েছেন।

তিনি বলেন, অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের যুবদের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের ভর্তি ফিও মওকুফ করা হয়েছে।

যুব সংগঠনগুলোর কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ৬ হাজার ৫০০-এর বেশি সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে। যুবকল্যাণ তহবিলের মাধ্যমে ১৮ হাজার যুব সংগঠনকে প্রকল্পভিত্তিক ৪৫ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

দেশে শিক্ষিত বেকারত্বের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ এবং শিক্ষিত তরুণদের মধ্যে এ হার প্রায় ৩৬ শতাংশ। দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৫৪ হাজারের বেশি।

তিনি বলেন, কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি ও কেয়ারগিভার প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

কেয়ারগিভার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি, ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও যোগাযোগ চলছে।

যুবদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে টেকাপের দ্বিতীয় পর্যায়, ইমপ্যাক্টের তৃতীয় পর্যায়, আর্ন প্রকল্প, কক্সবাজার আইএসইসি প্রকল্প এবং ৬৪ জেলায় তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত