
মুন্সীগঞ্জের ইছামতী নদীর ওপর কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। পুরোনো ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে দুই লেনের নতুন সেতুটি।
গতকাল রোববার বিকালে ৩টায় মুন্সীগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বাস্তবায়নাধীন 'জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)'-এর আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিতব্য স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। এর সঙ্গে ৬০০ মিটার সংযোগ সড়কও নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।