
আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে 'মালচিং' পদ্ধতিতে চাষাবাদ। কম খরচে অধিক ফলন, জমির আর্দ্রতা ধরে রাখা, আগাছা নিয়ন্ত্রণ এবং সেচ খরচ সাশ্রয়ের সুফল পাওয়ায় এই পরিবেশবান্ধব পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের। বিশেষ করে সবজি চাষে এই প্রযুক্তির সফল ব্যবহার পঞ্চগড়ের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চীন ও জাপানের আধুনিক বিষমুক্ত সবজি চাষের এই প্রযুক্তিতে জমি ভালোভাবে প্রস্তুত করে বেড বা শয্যা তৈরি করা হয়। এরপর তা বিশেষ ধরনের পলিথিন শিট দিয়ে ঢেকে দিয়ে নির্দিষ্ট দূরত্বে ফুটো করে সবজির চারা রোপণ করা হয়।
?মাটির আর্দ্রতা দীর্ঘদিন সংরক্ষিত থাকে, ফলে শুষ্ক মৌসুমে সেচের পানির প্রয়োজনীয়তা কমে। পলিথিন দিয়ে ঢাকা থাকায় জমিতে আগাছা জন্মাতে পারে না এবং অতিরিক্ত পানি সহজেই বেডের দুই পাশ দিয়ে নিষ্কাশিত হয়। ফলে গাছের গোড়া পচে যাওয়ার ঝুঁকি থাকে না। পলিথিনের প্রতিফলিত আলো পাতার নিচে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকা ও তাদের ডিম দূর করতে দারুণ ভূমিকা রাখে। এতে কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে যায়।
জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে ঘুরে দেখা যায় এক ভিন্ন চিত্র। বিস্তীর্ণ দিগন্তজোড়া মাঠে বেগুন, করলা, খিরা, পটল, কাকরোলসহ নানা জাতের সবজি শোভা পাচ্ছে। অথচ অতীতে বর্ষা বা শ্রাবণ মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজিখেত নষ্ট হয়ে যেত, গোড়া পচে গাছ মারা যেত এবং মাঠ প্রায় ফাঁকা থাকত। ফলে বাজারে সবজির দামও বেড়ে যেত। বর্তমানে মালচিং প্রযুক্তির কল্যাণে বর্ষা কিংবা খরা— সব ঋতুতেই মাঠে ভরপুর ফসল থাকছে।
?শুরুতে স্থানীয় কৃষকদের অনেকেই এই পদ্ধতিকে জটিল বা ঝামেলার মনে করলেও এর অভাবনীয় সাফল্য দেখে এখন দলে দলে এ পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন।
কৃষিবিদদের মতে, মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে প্রায় ২০ শতাংশ শ্রমিক এবং ৩০ শতাংশ রাসায়নিক সার কম লাগে। আবহাওয়া ও পরিবেশের তারতম্যের ওপর ভিত্তি করে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। সার্বিকভাবে উৎপাদন খরচ কমে যাওয়ায় কৃষকরা অধিক মুনাফা অর্জন করছেন।
?আটোয়ারী উপজেলার ডাঙাপাড়া গ্রামের কৃষক মুক্তা জানান, গত বছর ৫০ শতক জমিতে করলা চাষ করে খরচ বাদে প্রায় ৬০ হাজার টাকা লাভ করেছিলেন। চলতি মৌসুমে তিনি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন এবং ভালো ফলনের আশা করছেন।
?সদর উপজেলার বোদাপাড়া গ্রামের কৃষক জয়নুল বলেন, আগে বর্ষার পানিতে সবজির গোড়া পচে যেত। কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহারের পর থেকে গাছের গোড়ায় পানি জমতে পারে না, আগাছা জন্মায় না এবং পোকামাকড়ের আক্রমণও কমে গেছে। এতে ওষুধ ও শ্রমিক খরচ বেঁচে যাওয়ায় উৎপাদন খরচ অনেক কমেছে।
?পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আব্দুল মতিন বলেন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে পরিবেশবান্ধব ও লাভজনক উপায়ে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিদেশি প্রযুক্তিটি আমাদের কৃষকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হচ্ছে। এরমধ্যেই বহু কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরা আগ্রহী কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছি।
?কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে মালচিং পদ্ধতির কোনো বিকল্প নেই। কৃষকদের জন্য উন্নতমানের মালচিং পেপার সহজলভ্য করা এবং নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে পঞ্চগড়ের কৃষি খাত আরও অনেক দূর এগিয়ে যাবে।