ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন

নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন

নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত রোববার উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তিন দিন পর আজ তিনি কারামুক্ত হলেন। তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন।

মুঠোফোনে তিনি বলেন, বেলা সোয়া দুইটার দিকে আলমাসের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। আলমাসের মুক্তির অপেক্ষায় আগে থেকেই কারাফটকে উপস্থিত ছিলেন তার স্ত্রী বন্যা আক্তার ও স্বজনেরা। তাকে দেখতে দোহারের বাড়িতে জড়ো হন প্রতিবেশীরা।

আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি, সহজ সরল ছেলে। তাকে বিনা অপরাধে ১২ মাস জেলে রাখা হলো। পরিবারটি দুঃখে কষ্টে দিন কেটেছে। তার মুক্তিতে এলাকাবাসী আনন্দিত। আলমাসের মুক্তিতে সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া প্রকাশ করে তার বাবা শেখ খলিল কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার নিরপরাধ ছেলেকে পুলিশ জেল খাটিয়েছে। সরকারের কাছে এর বিচার চাই। ২০০২ সালে মিরপুর থানার একটি অস্ত্র মামলায় আলমাছ নামের একজনের সাজা হয়। সেই মামলায় বাবা ও নিজের নাম মিল থাকায় দোহারের সুন্দরীপাড়া গ্রামের আলমাস শেখকে গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। নাম-ঠিকানা যাচাই না করেই তাকে গ্রেপ্তার করায় তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। কিন্তু পুলিশ সেদিন বিষয়টি আমলে নেয়নি। বিষয়টি নিয়ে গত ৪ অক্টোবর 'নামের মিলে ১০ মাস ধরে কারাগারে, প্রকৃত আসামি কে তদন্তের নির্দেশ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দুজনেরই নাম একই। দুজনের বাবার নামেও আংশিক মিল রয়েছে। অস্ত্র আইনের একটি মামলায় ২২ বছর আগে মো. আলমাছ নামের একজনের ১০ বছরের কারাদণ্ড হয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন একজন, তাঁর নাম মো. আলমাস।

নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে কারাগারে থাকা আলমাস এবং দণ্ডিত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত