
বিমানের নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮-এর লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ায় সঙ্গে জড়িতদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
একই সঙ্গে উড়োজাহাজ ক্রয়ের পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে সংসদীয় কমিটি।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলা হয়। এসময় কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশগ্রহণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বৈঠকে বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।
এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।