
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
তিনি বলেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। সেই লক্ষ্যেই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
গতকাল সোমবার ১৬ নভেম্বর সকালে (নিউইয়র্ক সময় ১৫ নভেম্বর সন্ধ্যায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দক্ষিণাঞ্চলের প্রবাসীদের মধ্যে যারা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।