
১০ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। আর পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সর্বোচ্চ আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ঘটনা ঘটেছে গাজীপুরে।
গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক 'নোটে' এই চিত্র উঠে এসেছে। যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। ১০ নভেম্বর ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট। এরপর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে। দলটির 'সকাল-সন্ধ্যা লকডাউন' পালনের ঘোষণা রয়েছে।
গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও গতকাল বুধবার। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল দিবাগত রাতে। এর আগের দিন ঘটনা ঘটেছে ১৯টি। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।