ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হারানো জৌলুস ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার

হারানো জৌলুস ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার

এক সময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল 'কর্ণফুলী পেপার মিলস লিমিটেড'। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে।

পুরোনো যন্ত্রপাতি, কারিগরি ত্রুটি, কাঁচামালের অভাব, গ্যাসের মূল্যবৃদ্ধি, দক্ষ জনবলের ঘাটতিসহ নানামুখী সংকটে ধুঁকতে ধুঁকতে মৃতপ্রায় কাগজকলটির উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া কারখানাটিতে এখন শুধু একটি মেশিন দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছে। এই অবস্থায় দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প এন্ড পেপার মিলসহ আরও ৬টি কেমিক্যাল প্ল্যান্ট বসাতে চায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। এরইমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নিজস্ব পাল্প উৎপাদন, কাঁচামালের স্থানীয় উৎস তৈরি, কেমিক্যাল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কারখানাটির পুরোনো সক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। এতে কাগজ শিল্পে কেপিএমের হারানো গৌরব ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রকল্প প্রস্তাবটি এরইমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পরিকল্পনা কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষার পর কেপিএম কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে। বিনিয়োগ পাওয়া না গেলে সরকারি অর্থায়নে ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে।

চলতি বছরের অক্টোবরে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম পরিদর্শন করে রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পুনরুজ্জীবনে বিদেশি বিনিয়োগ, বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার সম্ভাবনার কথা জানান।

কেপিএম'র উৎপাদন বিভাগীয় প্রধান মো. মঈদুল ইসলামের স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ২৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মিলটিতে কাগজ উৎপাদন হয়েছিল ২০ হাজার ১২৩.৪৪ টন। ২০১২-১৩ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রায় উৎপাদন হয় ১৩ হাজার ৭৭৫ টন, ২০১৩-১৪ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ৯৯ টন; ২০১৪-১৫ সালে ২০ হাজার টনের বিপরীতে ১২ হাজার ৬৭১ টন এবং ২০১৫-১৬ সালে ১৫ হাজারের বিপরীতে ১০ হাজার ৫৮১ টন কাগজ উৎপাদিত হয়।

২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ হাজার টন করা হয়; উৎপাদন হয় ৬ হাজার টন। ২০১৭-১৮ সালে একই লক্ষ্যমাত্রায় উৎপাদন নেমে আসে ৩ হাজার টনে। ২০১৮-১৯ সালে ৫ হাজার টন, ২০১৯-২০ সালে ৬ হাজার টন এবং ২০২০-২১ সালে ৬ হাজার টন উৎপাদিত হয়।

২০২১-২২ সালে ৮ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার টন, ২০২২-২৩ সালে ৩ হাজার টন লক্ষ্যমাত্রায় উৎপাদন দাঁড়ায় ১ হাজার ৫৪২.০২ টনে। ২০২৩-২৪ সালে আড়াই হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার ৫১০ দশমিক ৫২ টন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার টন।

অর্থাৎ ২০১১-১২ সালের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। একই সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ হাজার থেকে নেমে এসেছে মাত্র আড়াই হাজার টনে।

সংশ্লিষ্টরা বলছেন, দেড় দশক ধরে রাষ্ট্রায়ত্ত কারখানাটির ধারাবাহিকভাবে উৎপাদন কমেছে। কিন্তু সেই সময়ে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশীয় প্রতিষ্ঠানটি ঘিরে কোনো আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করেনি।

বিসিআইসি জানায়, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন ৫০১ একর জমিতে কেপিএম প্রতিষ্ঠা করে। এর মধ্যে ৬৮ একর কারখানা এবং ৪৩৩ একর আবাসিক এলাকা। বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক সময় দেশের সরকারি কাগজের চাহিদার প্রায় ৭০ শতাংশ সরবরাহ করত।

তখন বাঁশ ও পাল্পউড থেকে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন হতো। ক্রিমলেইড, রাইটিং, ব্রাউন, অফসেট, টাইপরাইটিং, অ্যাজুরলেইডসহ ৩৩ ধরনের কাগজ এবং ১০ ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করত মিলটি। বর্তমানে উৎপাদন সীমিত চার-পাঁচ ধরনের কাগজে।

কেপিএম সূত্র জানায়, গত আট বছর ধরে নিজস্ব পাল্প মিলটি বন্ধ হয়ে আছে। ফলে আমদানি করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে এখন উৎপাদন চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে প্রতি টন কাগজ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়, তবে প্রতি টনে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। এতে বছরে লোকসানের পরিমাণ প্রায় ২৮-৩০ কোটি টাকা।

মিলটির অনুমোদিত জনবলের পরিমাণ ২ হাজার ৩৭৬ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন। পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন ২৫০ জন অস্থায়ী শ্রমিক।

কেপিএম'র কর্মকর্তারা বলছেন, উৎপাদন ব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে গ্যাসের মূল্য। সার কারখানাগুলো প্রতি ঘনফুট গ্যাস ১৬ টাকায় পেলেও কেপিএমকে দিতে হচ্ছে ৩০ থেকে সাড়ে ৩১ টাকা। দৈনিক ২৫-৩০ টন কাগজ উৎপাদনে প্রায় ১৩ লাখ টাকার গ্যাস প্রয়োজন হয়। সার কারখানার মতো কেপিএমও গ্যাস ভর্তুকি পেলে উৎপাদন ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

তারা জানান, গ্যাসের দামের পাশাপাশি পানি সংকটও উৎপাদন কমার একটি কারণ। মিলের পানি সরবরাহব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষায়ও সমস্যা উঠে এসেছে। কর্ণফুলী নদীতে ভাটার সময় পানির স্তর নেমে গেলে ওয়াজ্ঞা পাম্প হাউস থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়।

এই অবস্থায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের একমাত্র কাগজকলটিকে ঘিরে নতুন ভাবনা শুরু হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিল, বনায়ন, পেপারভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, বেসিক কেমিক্যাল এবং সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন।

এছাড়া কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড, টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

এ প্রসঙ্গে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহ বলেন, নানামুখী সংকটের কারণে ধারাবাহিকভাবে মিলটির উৎপাদন কমেছে। তবে আশার কথা, সরকারের উদ্যোগের ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব বিসিআইসি'র মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করে 'সবুজ পাতা'ভুক্ত হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন সম্ভব হবে। তিনি বলেন, কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই মিলটি শুধুই একটি কারখানা নয়, এটি এ অঞ্চলের জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতিরও অংশ। তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি এই মিলের সঙ্গে জড়িত। কেপিএমকে টিকিয়ে রাখতে তাই নতুনভাবে চিন্তা করা দরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত