
অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ফের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। এতে উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি নিজেও শারীরিকভাবে লাঞ্ছিত হন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ন্যাক্কারজনক ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী অটোপাসের দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলনের একপর্যায়ে তারা উপাচার্যের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায়ও আহত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ নিয়ে দায়িত্ব পালনকালে দ্বিতীয়বার তিনি শিক্ষার্থীদের আক্রমণের লক্ষ্যবস্তু হলেন। হামলার পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের এই অন্যায্য দাবির কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাসের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে ভবিষ্যতে অটোপাস কিংবা গ্রেস নম্বর প্রদানের বিষয়টি কঠোরভাবে নিরুৎসাহিত করা হবে।’