
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৮৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে অর্জিত এই সম্পদের দায়ে তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন ইতোমধ্যে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
সম্পদের হিসাব : দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, শফিকুল ইসলাম সেন্টুর নামে মোট ৬ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৩৫৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৪ টাকার ঋণ বা দায় রয়েছে। দায়-দেনা বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩১ লাখ ৮৯ হাজার ৮১৩ টাকা।