ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সভা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সভা

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে যৌথ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নীতিমালা সহজীকরণের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যদূত রাইট অনারেবল ব্যারোনেস উইন্টারটন অব ডনকাস্টার ডিবিই। তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি সহজ করতে ক্রস-বর্ডার হায়ার অ্যাডুকেশন গাইডলাইন সংশোধন প্রয়োজন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ প্রস্তাব দেন। সভায় ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক সাকিব এরশাদ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান ও একই প্রতিষ্ঠানের হেড অব অ্যাডুকেশন তৌফিক হাসান। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন। সভায় ব্রিটিশ প্রতিনিধিরা জানান, যুক্তরাজ্যের বহু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো উপকৃত হচ্ছে এবং শিক্ষার মান বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত