
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ‘জরুরি হামণ্ডরুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ (UNICEF)-এর ডেপুটি রিপ্রেজেনটেটিভ এমানুয়েল আব্রিউক্স (Emmanuelle Abrioxu) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ডেপুটি রিপ্রেজেনটেটিভ ড. রাজেশ নারোয়াল (Dr. Rajesh Narwal)। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আয়োজিত এই জরুরি হামণ্ডরুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় মোট ৪ লক্ষ ২ হাজার ৪৫৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসি এলাকা জুড়ে সর্বমোট ৫৪০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০টি স্থায়ী এবং ৪৫০টি অস্থায়ী কেন্দ্র হিসেবে সেবা প্রদান করবে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে। এপ্রিলের ১২ তারিখ হতে ১১ মে পর্যন্ত মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। গত ৫ তারিখ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় কর্মসূচি শুরু হলেও আজ থেকে ঢাকা দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি কর্পোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল) একযোগে এই কার্যক্রম শুরু হলো।” তিনি সাম্প্রতিক পরিস্থিতিতে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে দ্রুততার সাথে আইসিইউ ইউনিট চালু করার কথা উল্লেখ করেন এবং এ কাজে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি