
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস গতকাল রোববার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা-সহ বিভিন্ন অনুষদের ডিন নিজ নিজ অনুষদভুক্ত বিভাগসমূহের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রেণিকক্ষ পরিদর্শনকালে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন। নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি