
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আজ ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সকালে গাজীপুরস্থ চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বাউবি পরিচালিত এসএসসি ও অন্যান্য প্রোগ্রামের সার্বিক কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপাচার্য বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, শুধু সনদ প্রদানই নয়, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাও আমাদের লক্ষ্য। বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রথম দিনে শুক্রবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা সারাদেশের ১৭০টি কেন্দ্রে একযোগে সকাল ও বিকালে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাউবির পক্ষ থেকে কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আঞ্চলিক পর্যায়ে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক প্রেরিত এক প্রেস বার্তায় জানানো হয় যে, পায়রাবন্দ বেগম স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনই তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। বাউবি কর্তৃপক্ষ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের কোর্স ফি ৬০ শতাংশ মওকুফ করায় তারা সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও শিক্ষার মূল ধারার ফিরে আসার সুযোগ পাচ্ছেন।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শিক্ষা সবার মৌলিক অধিকার। আমরা চাই, কেউ যেন তার লিঙ্গ পরিচয়ের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে, যাতে তারা সমান ভাবে এগিয়ে যেতে পারেন’। এদিকে, স্কুল অব ল’ পরিচালিত ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ ভর্তি পরীক্ষায় ১,৩৭৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি