
চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট জব্দ এবং বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত সরঞ্জাম উদ্ধারসহ ১৮ জন আটক। গত শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় গত শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ২৮০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারিকে আটক করা হয়। অপরদিকে, একইদিন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে রাত ৯টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেডসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি