
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় গত রোববার বিকাল ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর, আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে গাঁজা ভর্তি দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। এসময় বস্তা দুই থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।