
বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জালিয়াতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ৫১ জন বিচারিক কর্মকর্তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় বার কাউন্সিলের এডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা উপলক্ষে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা পরীক্ষাকেন্দ্রে সংঘটিত যেকোনো পরীক্ষাসংক্রান্ত অপরাধ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১) ধারা অনুযায়ী আমলে নিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, মতিঝিল সরকারি বয়েজ হাই স্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি সরকারি বয়েজ হাই স্কুল, তেজগাঁও সরকারি হাই স্কুল, শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ হাই স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং কলা অনুষদসহ ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যায়ের কর্মকর্তা এবং আইন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া, অনিবার্য কারণে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে না পারলে বিকল্প হিসেবে আরও ৫ জন কর্মকর্তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে এই ম্যাজিস্ট্রেটরা পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।