
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (DIHR)-এর যৌথ উদ্যোগে ‘Master Training of the Trainers on Human Rights – From Theory to Practice’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত ১০ জুন ২০২৬ গত বুধবার অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে শেষ হয়েছে। রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসির সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের ২৮ জন শিক্ষার্থীকে মানবাধিকার সম্পর্কিত মৌলিক নীতিমালা, প্রক্রিয়া ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া, দক্ষ মানবাধিকার রক্ষক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং ভবিষ্যতে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ পরিচালনায় তাদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। মানবাধিকার শিক্ষা, নাগরিক শিক্ষা, অ্যাডভোকেসি, প্রশিক্ষণ পরিচালনার দার্শনিক ভিত্তি, ফ্যাসিলিটেশনের কৌশল, অংশগ্রহণমূলক প্রশিক্ষণ পদ্ধতি, মানবাধিকার বিষয়ক দলিল, প্রক্রিয়া ও টুলস, মানবাধিকার লঙ্ঘন নথিভুক্তকরণ, স্টেকহোল্ডার চিহ্নিতকরণ, পিটিশনের ব্যবহার, মানবাধিকার সংকট বিষয়ক রোল-প্লে এবং শিক্ষার্থীভিত্তিক অ্যাকশন প্রজেক্ট বিষয়েও কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কর্মশালাটি পরিচালনা করেন। সেইভ ইয়োথ বাংলাদেশ- ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের মাস্টার ট্রেইনাররা প্রশিক্ষণ কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম প্রধান অতিথি এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (DIHR)-এর উপদেষ্টা কেট গ্রিফিথস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি