
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ.জেড.এম. জাহিদ হোসেন এমপি বলেছেন, চাকরির পেছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে।
আমরা মনে করি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।
শুক্রবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্স ‘তিথিডোর’ হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুরের পরিচালক (উপসচিব) মোছা. জিলুফা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে ৪৯ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ২৫ জন প্রশিক্ষণার্থী, সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।