
বগুড়া শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন।
গতকাল বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং জিলা স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।
এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যান উচ্ছেদ করে সিটি কর্পোরেশনের যানবাহনে তুলে নিয়ে যাওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বগুড়ার বর্তমান প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নগরবাসীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ‘নাগরিক ভোগান্তির অন্যতম প্রধান কারণ ফুটপাত দখল হওয়া। জিলা স্কুল এবং সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনার সামনের ফুটপাতগুলো দখল থাকায় সাধারণ মানুষকে সামান্য দূরত্বের জন্যও যানবাহনের শরণাপন্ন হতে হয়।’ পেছনের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এখানে একটি সিন্ডিকেট কাজ করছে।