
দেশে গম আমদানির উৎসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সেই চিত্র বদলে গেছে। এবার প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশের গম আমদানির শীর্ষ উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ গম আমদানির রেকর্ড। আগের অর্থবছরের তুলনায় গম আমদানি বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরে আর্জেন্টিনা থেকে ২২ লাখ টন গম আমদানি করেছে বাংলাদেশ। এ জন্য ব্যয় হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। মোট গম আমদানির প্রায় ৩০ শতাংশই এসেছে দেশটি থেকে, যা আর্জেন্টিনাকে বাংলাদেশের সবচেয়ে বড় গম সরবরাহকারী দেশে পরিণত করেছে।
জানা গেছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের গম আমদানির উৎসে পরিবর্তন আসতে শুরু করে। সরবরাহে অনিশ্চয়তা, যুদ্ধজনিত ঝুঁকি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমদানিকারকেরা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে আর্জেন্টিনা শীর্ষ অবস্থানে উঠে আসে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের গম আমদানিকারক দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ। অন্যদিকে, রাশিয়া থেকে গম আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরে দেশটি থেকে ১৬ লাখ ৭৯ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ২৩ শতাংশ। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট গম আমদানির ৪৪ শতাংশই এসেছিল রাশিয়া থেকে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাশিয়ার অংশদারত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে। শুধু আমদানির পরিমাণই নয়, আর্জেন্টিনা থেকে গম আমদানিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান দেশটি থেকে গম আমদানি করলেও ২০২৫-২৬ অর্থবছরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করেছে ৪৬টি প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশের নরম গমের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, আর্জেন্টিনা, রোমানিয়া, বুলগেরিয়া ও ব্রাজিল।
এদিকে, ব্রাজিল থেকেও গম আমদানি বেড়েছে। গত অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৭৬ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ৬ দশমিক ৪১ শতাংশ। এর আগের অর্থবছরে ব্রাজিলের অংশ ছিল মাত্র ২ শতাংশ।