ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহ সিটিতে ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট

ময়মনসিংহ সিটিতে ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। একই সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ, শিক্ষাখাতে চার কোটি ৬৫ লাখ, স্বাস্থ্যখাতে ছয় কোটি ৫০ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ, বিদ্যুৎ প্রকৌশল ও সড়কবাতি খাতে ১১ কোটি, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি, খাল ও ড্রেন খননে দুই কোটি এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে মসিকের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, জনকল্যাণমুখী কাজে আরও আন্তরিকভাবে সম্পৃক্ত হয়ে নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভালো অবস্থানে রয়েছে।

তবে এসব কার্যক্রম সফল করতে নাগরিকদের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাজেট ঘোষণার সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জেলা জামায়াতের আমির আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই যোদ্ধা, আলেম সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত