ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ৭ মাসে ১১ ইটভাটা বন্ধ জরিমানা ২৪ লাখ টাকা

রংপুরে ৭ মাসে ১১ ইটভাটা বন্ধ জরিমানা ২৪ লাখ টাকা

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত গেল ৭ মাসে রংপুরে ২৪টি অভিযান চালিয়েছে সরকারি এই সংস্থাটি। এতে আদায় করেছে ২৪ লাখ ৭০০ টাকা জরিমানা। অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন, শব্দ দূষণ, অবৈধ বর্জ্য টায়ার ও পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাত মাসে ১১টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চারটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ইটভাটার চিমনি ও কিলন ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ ছড়ানো হর্ন ব্যবহারের বিরুদ্ধে পাঁচটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে আরও ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, অবৈধ টায়ার পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়াও পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী একটি অবৈধ ভাট্টির বিরুদ্ধে পৃথক অভিযানে এক্সকাভেটরের সাহায্যে চুল্লিসহ প্রতিষ্ঠানটির অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত