ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বন্যার্তদের সহায়তায় টাকা দিলেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা

বন্যার্তদের সহায়তায় টাকা দিলেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা তাদের এক মাসের মূল বেতন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্যাকবলিত মানুষের সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত এই উদ্যোগ গাজীপুর জেলা প্রশাসনের একটি মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ। গাজীপুর একটি বিশেষ জেলা। দুর্যোগের এই সময়ে জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত এই উদ্যোগ অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সভা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির বৈঠক চলাকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন প্রথমে নিজের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান। তার এই প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সমর্থন জানান নূরুল করিম ভূঁইয়া। পরে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও তাদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একদিনের মূল বেতন প্রদানের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, সভায় উপস্থিত না থাকা গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিক মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারাও স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সম্মতি দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সব সরকারি দপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত