
রাজধানীতে গতকাল রোববার ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে এরই মধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি