
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর সভাপতি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। “সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাঃ বাংলাদেশ প্রেক্ষিত” শিরোনামে তাঁর বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সরকারের স্থিতিশিলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন। একইসাথে আইন প্রণেতা সাংসদগণকে স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হবার পরামর্শ দেন তিনি। আর্থিক শৃঙ্খলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক করা এবং সকল সাংবিধানিক পদের নিয়োগ রাষ্ট্রপতির হাতে দেয়ার পক্ষে মত দেন তিনি। প্রশাসন সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন। রাজধানী ঢাকার আশেপাশের শহরতলীকে উন্নত করার মাধ্যমে দিল্লির মতো একটা মেট্রোপলিটন অথোরিটি গড়া অতি প্রয়োজন বলে ডক্টর ফরাসউদ্দিন উল্লেখ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি